মারাঠা সাম্রাজ্যের উদ্ধারক পেশোয়া মাধবরাও ভাট
পানিপথের তৃতীয় মহাযুদ্ধ সবে শেষ হয়েছে তখন। শুরুটা ব্যপক করেও সেনাপতি সদাশিব রাও ভাউয়ের অহেতুক গোঁয়ার্তুমি আর ভ্রান্ত রণনীতির ফলে যুদ্ধে পরাজিত হয়েছে মারাঠা বাহিনী। ১০,০০০ মারাঠা বাহিনীর সাথে মৃত্যু হয়েছে আরও প্রায় ৩০,০০০ অসামরিক মারাঠা তীর্থযাত্রীর। মৃত্যু হয়েছে খোদ সেনাপতি সদাশিব রাও ভাউ, ইব্রাহিম গর্দি আর তৎকালীন পেশোয়া বালাজি বাজি রাওয়ের জ্যৈষ্ঠ সন্তান বিশ্বাসরাও ভাটের। কিছুদিন বাদে এই শোচনীয় পরাজয়ের আর একাধিক নিকট আত্মীয়ের মর্মান্তিক মৃত্যু সংবাদ শুনে মারাঠা সাম্রাজ্যকে ঘোরতর অনিশ্চয়তার মুখে রেখে ভগ্ন হৃদয়ে মৃত্যুর মুখে পতিত হলেন খোদ পেশোয়া বালাজি বাজিরাও। এহেন অবস্থায় সাময়িকভাবে ঘোরতর বিপন্ন হয়ে পড়েছিল মারাঠা সাম্রাজ্য। একদা ভাট বংশের দ্বিতীয় পেশোয়া বাজিরাও প্রথম প্রায় ৪১টি যুদ্ধে জয়লাভ করে যে শক্তিশালী সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন পানিপথের যুদ্ধের পরে সেই সাম্রাজ্যই যেন রাহুগ্রস্ত হয়ে পড়লো। দুর্বল মোগল সাম্রাজ্য, আওয়াধ আর রোহিলা-পাশতুনের পাঠান আফগানরা আবার নিজেদের স্বাধীনতা ঘোষণা করলো, হায়দ্রাবাদের নিজাম শাহী পুনরায় প্রতিবেশি মারাঠাদের বিরুদ্ধে নিজেদের দাঁতনখ উন্মুক্...