মারাঠা সাম্রাজ্যের উদ্ধারক পেশোয়া মাধবরাও ভাট

পানিপথের তৃতীয় মহাযুদ্ধ সবে শেষ হয়েছে তখন। শুরুটা ব্যপক করেও সেনাপতি সদাশিব রাও ভাউয়ের অহেতুক গোঁয়ার্তুমি আর ভ্রান্ত রণনীতির ফলে যুদ্ধে পরাজিত হয়েছে মারাঠা বাহিনী। ১০,০০০ মারাঠা বাহিনীর সাথে মৃত্যু হয়েছে আরও প্রায় ৩০,০০০ অসামরিক মারাঠা তীর্থযাত্রীর। মৃত্যু হয়েছে খোদ সেনাপতি সদাশিব রাও ভাউ, ইব্রাহিম গর্দি আর তৎকালীন পেশোয়া বালাজি বাজি রাওয়ের জ্যৈষ্ঠ সন্তান বিশ্বাসরাও ভাটের। কিছুদিন বাদে এই শোচনীয় পরাজয়ের আর একাধিক নিকট আত্মীয়ের মর্মান্তিক মৃত্যু সংবাদ শুনে মারাঠা সাম্রাজ্যকে ঘোরতর অনিশ্চয়তার মুখে রেখে ভগ্ন হৃদয়ে মৃত্যুর মুখে পতিত হলেন খোদ পেশোয়া বালাজি বাজিরাও।

এহেন অবস্থায় সাময়িকভাবে ঘোরতর বিপন্ন হয়ে পড়েছিল মারাঠা সাম্রাজ্য। একদা ভাট বংশের দ্বিতীয় পেশোয়া বাজিরাও প্রথম প্রায় ৪১টি যুদ্ধে জয়লাভ করে যে শক্তিশালী সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন পানিপথের যুদ্ধের পরে সেই সাম্রাজ্যই যেন রাহুগ্রস্ত হয়ে পড়লো। দুর্বল মোগল সাম্রাজ্য, আওয়াধ আর রোহিলা-পাশতুনের পাঠান আফগানরা আবার নিজেদের স্বাধীনতা ঘোষণা করলো, হায়দ্রাবাদের নিজাম শাহী পুনরায় প্রতিবেশি মারাঠাদের বিরুদ্ধে নিজেদের দাঁতনখ উন্মুক্ত করলো। কিন্তু এদের সবাইকেই ছাপিয়ে গেল সাত সাগরের পরপার থেকে এদেশে বানিজ্য করতে আসা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এমনিতেই ১৭৫৭ সালে পলাশির যুদ্ধে আর ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে পরপর জয়লাভ করে রক্তের স্বাদ পেয়ে গেছিল ইংরেজরা। পানিপথের যুদ্ধের পর রঘুনাথ রাওকে সহায়তা প্রদান সহ আরও নানান অছিলায় ধূর্ত শৃগালের ন্যায় মারাঠা সাম্রাজ্যের চারপাশেও ঘুরঘুর শুরু করলো তারা। এহেন অবস্থায় প্রয়াত পেশোয়া বালাজি বাজিরাওয়ের দ্বিতীয় সন্তান মাধবরাও ভাটকে নতুন পেশোয়া হিসেবে অভিষিক্ত করা হলো। নতুন পেশোয়া হয়ে এই তরুন ব্রাহ্মণ যুবা পুনরায় শক্ত হাতে হাল ধরলেন মারাঠা সাম্রাজ্যের। পেশোয়া মাধবরাওয়ের নেতৃত্বে পুনরায় ঘুরে দাঁড়ালো মারাঠা সাম্রাজ্য। পেশোয়া মাধবরাওকে যোগ্য সহায়তা প্রদান করলেন মালহাররাও হোলকার আর মহাদাজি সিন্ধিয়া। ক্রমে মারাঠা সাম্রাজ্যের ইতিহাসের পাতায় নিজের দাদু পেশোয়া বাজিরাও বল্লালের পর দ্বিতীয় শক্তিশালী পেশোয়া হিসেবে নিজের নাম নথিভুক্ত করালেন মাধবরাও ভাট।

পেশোয়া মাধবরাও ভাটের উত্থান
========================
মাধবরাও ভাটের নেতৃত্বে পুনরায় মোগলদের পরাজিত করে দিল্লির উপর নিজেদের হারানো আধিপত্য বিস্তার করলো মারাঠা সাম্রাজ্য, নিজামদের যুদ্ধে পরাজিত করে ফের তাদের মারাঠা সাম্রাজ্যের বশ্যতা স্বীকার করতে বাধ্য করানো হলো, নিজের বিশ্বাসঘাতক কাকা রঘুনাথ রাওকে যুদ্ধে পরাজিত করে গৃহবন্দী করলেন মাধবরাও। ইংরেজদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অবতীর্ণ না হলেও তাদের বিরুদ্ধে কড়া নীতি নিলেন তিনি। কিন্তু এসব কিছুকেই ছাপিয়ে গিয়েছিল পেশোয়া মাধবরাও ভাটের মাইসোরের সুলতান হায়দার আলির বিরুদ্ধে একাধিক যুদ্ধাভিযান।

হায়দার আলি বনাম কেলাদির নায়কদের যুদ্ধ
==============================
ইতিমধ্যেই মারাঠা সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে সাবেক মারাঠা সাম্রাজ্যের অন্তর্গত একাধিক অঞ্চলে হামলা আর লুণ্ঠন চালাচ্ছিল মাইসোরের নতুন সুলতান হায়দার আলি। ১৭৬৩ সালে রনাঙ্গনে প্রথমবারের জন্য মুখোমুখি হয় মারাঠা আর মাইসোর। সেই যুদ্ধে পরাজিত হয়ে পলায়ন করেন হায়দার আলি। কিন্তু তবুও বারংবার মারাঠা সাম্রাজ্যের অন্তর্ভুক্ত এলাকাগুলিতে হামলা চালিয়ে যাচ্ছিলেন তিনি। এছাড়াও মারাঠা সাম্রাজ্যের অন্তর্গত বিভিন্ন হিন্দু সামন্ত রাজ্যগুলিতেও আক্রমন আর লুঠতরাজ চালাচ্ছিলেন হায়দার আলি। এসব হিন্দু সামন্ত রাজ্যগুলির মধ্যে অন্যতম ছিল কর্ণাটকের কেলাদি রাজ্যের নায়ক রাজবংশ। মধ্যযুগীয় ভারতবর্ষের সর্বোচ্চ শক্তিশালী তথা মহান হিন্দু সাম্রাজ্য বিজয়নগরের পূর্ববর্তী সামন্তরাজাদের প্রধান ছিলেন এই কেলাদির নায়ক রাজবংশ। সামন্ত রাজা সদাশিব নায়ক ১৫৬৫ সালে তালিকোটার রনাঙ্গনে বিজয়নগরের অন্তিম শক্তিশালী শাসক আলিয়া রাম রায়ের সাথে তুর্কিদের সংযুক্ত ফৌজের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহন করেছিলেন ইনি। তালিকোটার যুদ্ধে বিজয়নগর সাম্রাজ্যের পরাজয় ও পতনের পর কেলাদির নায়ক বংশ একটি স্বাধীন রাজ্যে পরিনত হয়েছিল। পরে মহারাজ শিবাপ্পা নায়কের শাসনকালে দাক্ষিণাত্যের এক শক্তিধর রাজ্যে পরিনত হয় কেলাদির নায়করা। এরপর ১৬৬৪ সালে কেলাদির রানি চেন্নামা মারাঠা যোদ্ধা ছত্রপতি শিবাজী আর তাঁর পুত্র ছত্রপতি শাম্ভাজির সাথে মিত্রতা স্থাপন করে একসাথে বিজাতীয় তুর্কি আর মোগলদের বিরুদ্ধে সংগ্রাম করেন। এরপর পেশোয়া বাজিরাও বল্লালের আমলে মারাঠা সাম্রাজ্যের উত্থানের সময় শর্ত সাপেক্ষে তাঁদের সামন্ত হয় এরা। কিন্তু ১৭৬১ সালে পানিপথের যুদ্ধের পর ফের দ্বিতীয়বারের জন্য স্বাধীন হয় কেলাদি। এদিকে সেই সময় কর্ণাটকে উত্থান ঘটে মাইসোরের হায়দার আলির। তিনি প্রতিবেশি হিন্দু রাজ্যগুলির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে একাধিক বার আক্রমন করেন কেলাদির নায়কদের।

কেলাদি রাজবংশের অন্তিম শাসক ছিলেন রানি বিরাম্মাজি। ১৭৫৭ সালে তাঁর পতি মহারাজ চেন্না বসপ্পা নায়কের অকাল প্রয়ানের পর তাঁদের একমাত্র শিশু সন্তানকে দেখভালের সাথে সাথে কেলাদির রাজসিংহাসনে আসীন হন তিনি। ১৭৬১ সাল থেকে ১৭৬৩ সাল পর্যন্ত হায়দার আলির একাধিক আগ্রাসনের নাগপাশ থেকে এক বীরাঙ্গনার ন্যায় কেলাদি রাজ্যকে রক্ষা করেন তিনি। কিন্তু শেষপর্যন্ত নিজের এক মন্ত্রীর বিশ্বাসঘাতকতার ফলে ১৭৬৩ সালের শেষে হায়দার আলির বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হন কেলাদির রানি বিরাম্মা। এরপর হায়দার আলির নির্দেশে মাইসোরের বাহিনী রানি আর তাঁর শিশু সন্তানকে বন্দী করে মাদগিরির কেল্লায় নিয়ে আসেন। সেখানে দীর্ঘ তিন মাস মাইসোরের বাহিনীর বিস্তর যাতনা সহ্য করেন তিনি।

মাধবরাও বনাম হায়দার আলি
=====================
এদিকে পেশোয়া মাধবরাওের নেতৃত্বে তখন পুনরায় ঘুরে দাঁড়াতে শুরু করেছে মারাঠা সাম্রাজ্য। শত্রুদের বিরুদ্ধে একের পর এক যুদ্ধে জয়লাভ করছে তাঁরা। এমন সময় কেলাদির নায়ক রাজবংশের বিরুদ্ধে হায়দার আলির এই নৃশংসতার সংবাদ শুনে যারপরনাই ক্ষিপ্ত হয়ে ১৭৬৪ সালের জানুয়ারি মাসে ফের একবার মাইসোরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন পেশোয়া মাধবরাও। আসন্ন যুদ্ধে হায়দার আলিকে একেবারে পরাজিত ও হত্যা করে সমগ্র মাইসোরকে মারাঠা সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করবার অভিপ্রায়ে গোপালরাও পট্টবর্ধন, মুরারাও ঘোরপড়ে, বিনচুরকার আর ঝাঁসির সামন্ত রাজা নারো শঙ্করের নেতৃত্বে এক বিশাল বাহিনী গঠন করে মাইসোরের বিরুদ্ধে যাত্রা শুরু করলেন মাধবরাও। এই যুদ্ধে অংশগ্রহন করবার জন্য পেশোয়া মাধবরাও আমন্ত্রন জানালেন তাঁর কাকা রঘুনাথ রাওকেও। কিন্তু রঘুনাথ রাও তাঁর আমন্ত্রন প্রত্যাখ্যান করে নাসিকে চলে গেলেন। এদিকে মাইসোরের অন্তর্গত একাধিক এলাকা আর কেল্লা দখল করতে করতে রাজধানির দিকে অগ্রসর হচ্ছিলেন পেশোয়া মাধবরাও। হায়দার আলির পরাজয় আর মাইসোরের পতন তখন স্রেফ সময়ের অপেক্ষা মাত্র। ঠিক সেই সময়ই বিশ্বাসঘাতক রঘুনাথ রাও হায়দার আলির সাথে এক গোপন সন্ধি চুক্তি করে তাকে মারাঠা বাহিনীর অভিযানের সমস্ত সংবাদ জানিয়ে দিলেন। সব শুনে তীব্র আতঙ্কে সন্ত্রস্ত্র হয়ে নিজের রাজধানি ছেড়ে চম্পট দিলেন হায়দার আলি। ফলে হায়দার আলিকে পরাজিত ও বন্দি করার স্বপ্ন অসম্পূর্ণই থেকে গেল পেশোয়া মাধবরাওয়ের। হায়দারের পলায়নের সংবাদ শুনে সাময়িকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন মর্মাহত তরুন পেশোয়া।

পরে সুস্থ হয়ে এক গুপ্তচরের নিকট থেকে সংবাদ পেয়ে ১৭৬৭ সালে হায়দার আলির বিরুদ্ধে দ্বিতীয় বারের জন্য এক যুদ্ধযাত্রায় অংশগ্রহন করেন পেশোয়া মাধবরাও ভাট। সিরার রনাঙ্গনে মাইসোরের বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করে মাদগিরি সহ হায়দায় আলির একাধিক কেল্লা দখল করেন। এরপর মাদগিরি কেল্লায় অভিযান চালিয়ে সেই কেল্লার অন্ধকারাছন্ন পাতাল কারাগারে বন্দি কেলাদির নায়ক রাজবংশের অন্তিম রানি বিরাম্মা আর তাঁর শিশুপুত্রকে উদ্ধার করে সসম্মানে পুনায় নিয়ে যান পেশোয়া মাধবরাও ভাট।

মাধবরাওকে খুনের প্রচেষ্টা
===================
এদিকে পরে গৃহবন্দি থাকার সময়েও ৭য়ই সেপ্টেম্বর, ১৭৬৯ সালে রঘুনাথ রাও রাম সিংহ নামের এক মারাঠা সেনাপতির সাহায্যে পেশোয়া মাধবরাওকে গুপ্তহত্যা করার প্রয়াস করেন। পুনার সাহাদ্রি পাহাড়ের উপর অবস্থিত পার্বতী মাতার মন্দির দর্শন সম্পন্ন করে নিজের সামান্য কিছু দেহরক্ষী পরিবৃত হয়ে রাজমহলে প্রত্যাবর্তন করছিলেন পেশোয়া মাধবরাও। এমন সময় আচমকা পেশোয়ার দেহরক্ষী তথা মারাঠা সেনাপতি রাম সিংহ তার কোষবদ্ধ অসি উন্মুক্ত করে আচমকা আক্রমন করেন নিরস্ত্র পেশোয়াকে। রাম সিংহের তরবারির আঘাত থেকে বাঁচবার জন্য দ্রুত আরেকপাশে সরে যান বিস্ময়চকিত পেশোয়া। সে যাত্রায় প্রানে বাঁচলেও তরবারির আঘাতে ডান কাঁধ চোটগ্রস্ত হয় পেশোয়া মাধবরাও। পরে পেশোয়ার অনান্য দেহরক্ষীরা পরাজিত ও বন্দি করেন ঘাতক রাম সিংহকে। এতকিছুর পরেও গুপ্ত ঘাতক রাম সিংহকে মৃত্যুদণ্ডে দণ্ডিত না করে বন্দি করে কারাগারে নিক্ষিপ্ত করেন মহানুভব পেশোয়া। কারন থাকা সত্ত্বেও হত্যা করা হয় না রঘুনাথ রাওকে।

মাধবরাওের অন্তিম সময়কাল
=====================
১৭৭০ সালের জুন মাসে পুনরায় মাইসোরের হায়দার আলির বিরুদ্ধে তৃতীয় বারের জন্য যুদ্ধযাত্রা করেন মাধবরাও। কিন্তু সেই সময় দুরারোগ্য টিবি বা রাজযক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে ভয়ানকভাবে দুর্বল হয়ে পড়েন তিনি। এরফলে সে যাত্রায় মাইসোরের বিরুদ্ধে যুদ্ধযাত্রা মাঝপথে স্থগিত রেখেই ফিরতে হয়েছিল মারাঠা বাহিনীকে। তৎকালীন সময়ে যক্ষ্মা এক দুরারোগ্য মারন ব্যাধি ছিল। এরপর থেকেই শারীরিক অবস্থার দ্রুত অবনমন হতে থাকে তরুন পেশোয়ার। তৎকালীন যুগের সমস্ত রকমের আয়ুর্বেদিক চিকিৎসা করানো হয় তাঁর। এমনকি চিকিৎসার জন্য নিকটবর্তী ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক শিবির থেকে আনানো হয় এক অভিজ্ঞ ইংরেজ ডাক্তারকেও। কিন্তু তবুও নিরাময় করা সম্ভব হলো না পেশোয়ার এই ব্যাধি। শেষপর্যন্ত নিজের জীবনের অন্তিমকাল আসন্ন বুঝতে পেরে তরুন পেশোয়া হতোদ্যম হয়ে নিজের অবশিষ্ট জীবন পুনার নিকটবর্তী থিউরের চিন্তামনি গনেশ মন্দিরে অতিবাহিত করার সিদ্ধান্ত নিলেন। পেশোয়ার ইচ্ছানুসারে তাঁর বসবাসের জন্য মন্দির পরিসরে এক ক্ষুদ্র প্রাসাদ নির্মাণ করা হলো। এছাড়া মন্দির পরিসরে এক মনোরম বাগিচা, উপাসনার জন্য এক কাষ্ঠ নির্মিত হলঘর আর একটি সুন্দর ঝর্না নির্মিত করা হলো। পেশোয়া আর তাঁর স্ত্রী রমাবাঈ সেখানে এসেই বসবাস শুরু করলেন।

মাধবরাওয়ের এহেন শারীরিক পরিস্থিতির সুযোগ নিয়ে ৬য়ই অক্টোবর, ১৭৭২ সালে রাতে অন্ধকারে গা ঢাকা দিয়ে নিজের বন্দিশালা থেকে পলায়নের প্রয়াস করলেন রঘুনাথ রাও। কিন্তু প্রহরীদের কাছে ধরা পরে গেলেন। মাধবরাওয়ের কাছে গেল এই সংবাদ। কিন্তু এসব জাগতিক ঘটনা প্রবাহ শুনবার মতো অবস্থায় তখন আর ছিলেন না তিনি। যক্ষ্মায় আক্রান্ত হয়ে ভয়ানক দুর্বল অবস্থায় চিন্তামনি মন্দিরের প্রাসাদের শয়নকক্ষে অর্ধ অচেতন অবস্থায় শয্যাশায়ী ছিলেন তিনি। এর একমাস বাদে ১৮য়ই নভেম্বর, ১৭৭২ সালে সকাল ৮টায় মাত্র ২৭ বছর বয়সেই পরলোক যাত্রা করলেন যুবা পেশোয়া মাধবরাও। তাঁর প্রয়ানের সময় তাঁকে অন্তিমবার দর্শন করবার জন্য চিন্তামনি মন্দিরে হাজির হয়েছিলেন হাজার হাজার মারাঠা নাগরিক। শ্মশানে মাধবরাওয়ের সাথে সতী হলেন তাঁর স্ত্রী রমাবাঈও। মাধবরাওয়ের মৃত্যুর সাথে সাথে একপ্রকার পতন ঘটেছিল মারাঠা সাম্রাজ্যের। যদিও ঐতিহাসিকগত ভাবে ১৭৯৪ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত নিজের একক প্রয়াসে সাময়িকভাবে সেই পতন রোধ করেছিলেন গোয়ালিয়রের রাজা মহাদাজি সিন্ধে।

রঘুনাথ রাওয়ের বিশ্বাসঘাতকতা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ষড়যন্ত্র
====================================================
মাধবরাওয়ের মৃত্যুর পর পেশোয়া হয়েছিলেন তাঁর কনিষ্ঠ ভাই নারায়নরাও ভাট। কিন্তু মাত্র ৯ মাস পেশোয়া থাকবার পর ধূর্ত রঘুনাথ রাওয়ের ষড়যন্ত্রে ৩০শে অগাস্ট, ১৭৭৩ সালে পুনার শনিবারবারা কেল্লায় গুপ্তঘাতকদের হাতে নৃশংসভাবে খুন হন নারায়নরাও। নারায়ন রাওয়ের মৃত্যুর পর বলপূর্বক পেশোয়ার গদি দখল করেন রঘুনাথ রাও। কিন্তু নানা ফাদনভিস সহ ১২ জন শক্তিশালী মারাঠা সর্দার প্রয়াত নারায়নরাওয়ের শিশুপুত্র সোয়াই মাধবরাওকে নতুন পেশোয়া হিসেবে মান্যতা ডান করে বিশ্বাসঘাতক রঘুনাথ রাওকে আক্রমন করেন। পরাজিত হয়ে রঘুনাথ রাও পুনা থেকে পলায়ন করে বোম্বে নগরে গিয়ে সেখানকার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দপ্তরের শরণার্থী হন। এরপর ৬য়ই মার্চ, ১৭৭৫ সালে ইংরেজদের সাথ সুরাট চুক্তি স্বাক্ষরিত করেন তিনি। সেই চুক্তি অনুসারে ইংরেজরা রঘুনাথ রাওকে পুনার পেশোয়া হিসেবে সমর্থন করে, অপরদিকে রঘুনাথ রাও মহারাষ্ট্র আর গুজরাটের মারাঠা সাম্রাজ্যের অন্তর্গত সালসেট আর বাসেইন অঞ্চল ইংরেজদের দান করেন। এর ফলে মারাঠা সাম্রাজ্যের বিরুদ্ধে প্রথম অ্যাংলো-মারাঠা যুদ্ধে জড়িয়ে পড়ে ধূর্ত বিজাতীয় ইংরেজরা। ইংরেজদের ইচ্ছা ছিল সম্পূর্ণ মারাঠা সাম্রাজ্য নিজেদের পদানত করবার। কিন্তু সেযাত্রায় নানা ফাদনভিস আর মহাদাজি সিন্ধের শৌর্য আর পরাক্রমের ফলে ভেস্তে গিয়েছিল ইংরেজদের স্বপ্ন। কিন্তু সেসব আরেক ইতিহাস। পরে অন্য একটি আলাদা পোস্টে প্রথম অ্যাংলো-মারাঠা যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে মহাদাজি সিন্ধিয়া ও নানা ফাদনভিসের বিজয় কাহিনী বিস্তারিতভাবে লেখার ইচ্ছা আছে

তথ্যসূত্রঃ 
Hi
১) যদুনাথ সরকার
২) Advanced Study in the History of Modern India 1707–1813 by Jaswant Lal Mehta

Comments

Popular posts from this blog

কোথায় হারিয়ে গেলেন এসব অঞ্চলের হিন্দুরা? : প্রিয়া সাহা

কুতুবউদ্দীন আইবেকের হিন্দু নিধনের জিহাদ

হিন্দু এবার গ্রীক পুরাণের মধ্যেই সাদৃশ্যসমূহ