অগ্নিযুগের বিপ্লবী সিরিজ: শহীদ রামকৃষ্ণ রায়
শহীদ রামকৃষ্ণ রায় (জন্মঃ- ৯ জানুয়ারি, ১৯১২ - মৃত্যুঃ- ২৫ অক্টোবর, ১৯৩৪)।
তিনি বিপ্লবী দল বেঙ্গল ভলান্টিয়ার্সের সক্রিয় সদস্য ছিলেন। পেডি ও ডগলাস নিহত হবার পর বার্জ নামে এক চরম অত্যাচারী ইংরেজ মেদিনীপুরের ম্যাজিস্ট্রেট হয়ে আসেন। ১৯৩৩ সালের ২ সেপ্টেম্বর শ্বেতাঙ্গ ম্যাজিস্ট্রেট বার্জ সাহেব মেদিনীপুর কলেজ মাঠে মোহামেডান স্পোর্টিং-এর বিরুদ্ধে মেদিনীপুর ক্লাবের হয়ে ফুটবল খেলতে নামেন। খেলা প্র্যাকটিসের ছল করে বল নিয়ে মাঠে নামেন অনাথবন্ধু ও মৃগেন্দ্রনাথ দত্ত। মাঠেই দুই বন্ধু বার্জ সাহেবকে আক্রমণ করলে তিনি মারা যান। জোন্স নামে একজন আহত হন। পুলিস প্রহরী দুজনের উপর পাল্টা গুলি চালায়। এতে তাঁরা দুজন নিহত হন এবং অপর সঙ্গীরা পলায়ন করতে সক্ষম হন। এই ঘটনার পর ব্রজকিশোর চক্রবর্তী, রামকৃষ্ণ রায়, নির্মলজীবন ঘোষ, নন্দদুলাল সিং, কামাখ্যা ঘোষ, সুকুমার সেন, সনাতন রায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা হয়। বিচারে ব্রজকিশোর, রামকৃষ্ণ ও নির্মলজীবনের ফাঁসি হয় মেদিনীপুর সেন্ট্রাল জেলে। নন্দদুলাল, কামাখ্যা ঘোষ, সুকুমার সেন এবং সনাতন রায়-এর যাবজ্জীবন দ্বীপান্তর দণ্ড হয়।
রামকৃষ্ণ রায়ের জন্ম মেদিনীপুরের চিরিমাতসাইতে। তাঁর পিতার নাম কেনারাম রায় । ২ সেপ্টেম্বর, ১৯৩৩ তারিখে মেদিনীপুরের জেলাশাসক বার্জকে হত্যা করার ব্যাপারে অংশগ্রহণ করেন। ধরা পড়ে হত্যার অভিযোগে প্রাণদণ্ডে দণ্ডিত হন। মেদিনীপুর জেলে তাঁর ফাঁসি হয়।
রামকৃষ্ণ রায় এর জন্মদিবসে বেঙ্গল ডিফেন্স এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ।
Comments
Post a Comment