রাম ও রামায়ণ নিয়ে বামপন্থীদের মিথ্যাচার
রামকে নিয়ে যে কয়টি বামাতি প্রোপাগন্ডা বাজারে চালু আছে তার মধ্যে একটি হলো, রাম উচ্চবর্ণের দেবতা। অন্ত্যজ শ্রেণীর মধ্যে তার স্থাণ নেই।
বাংলা ১৩১৮ সনে প্রবাসী পত্রিকায় মনোরঞ্জন গুহঠাকুরতা সর্বপ্রথম এর প্রতিবাদ করেছিলেন তাঁর লেখা একটি প্রবন্ধে, প্রবন্ধের নাম " জাতীয় জীবনে রামায়ণের প্রভাব"। ছোটনাগপুর এবং বিহারের নিম্নবর্ণের সম্প্রদায়ের মধ্যে রাম কতখানি সজীব, তিনি তুলে ধরেছিলেন। সেই প্ৰবন্ধ থেকে কিছু অংশ তুলে দিলাম
" এ যুগের কতিপয় রাজনীতিবিদের কাছে আত্মসমর্পিত বুদ্ধিজীবী রামকে উচ্চশ্রেণীর প্রতিভূ হিসেবে চিহ্নিত করবার চেষ্টা করে সত্য বিকৃত ঘটান, রাজনীতির যূপকাষ্ঠে বিসর্জন দেন সত্যনিষ্ঠা। অন্যদিকে যারা সত্যনিষ্ঠ বুদ্ধিজীবী তাদের ভূষিত করেন সাম্প্রদায়িক অভিধায়, কিন্তু এ যুগের কয়জন উচ্চবর্ণের হিন্দু রামভক্ত? প্রতিদিন সন্ধ্যায় যারা ঢোল কত্তাল নিয়ে রামকীর্তন করেন তারা ত তথাকথিত নিম্নবর্ণের হিন্দু। তারা খেটে খাওয়া মানুষ, তারা কৃষক শ্রমিক। এমনকি ভারতবর্ষের আনাচে কানাচে ছড়িয়ে আছে যেসব আদিম জনগোষ্ঠী সভ্য শিক্ষিত সমাজের ছোঁয়া বাঁচিয়ে তারাও তো রামভক্ত। এসব অনেকেরই বিশ্বাস তাদের উৎপত্তি রামায়ণের কোনো না কোনো চরিত্র থেকে। কেওনঝারের বন্য ভূঁইয়ারা হনুমানকে সূর্যদেবতা হিসেবে পুজো করে। সমগ্র ভারতে জনপ্রিয় গ্রাম্য দেবতা হনুমান। পশ্চিমবঙ্গে ভূঁইয়ারা দাবী করে তাদের উৎপত্তি হনুমান থেকেই .."
এছাড়া আরো কয়েকটি দলিত ও অন্ত্যজ সম্প্রদায়ের উল্লেখ করছি, যাদের আরাধ্য দেবতা রাম।
মথুরার নিকটস্থ কাছওয়াস ,লোধা , বুন্দেলখণ্ডের শহরিয়া, গোন্দ , সেঞ্জয়ারি ইত্যাদি সম্প্রদায়ের আদিবাসীরা রামের পুজো করে।
অন্ধ্রপ্রদেশের ( বর্তমান সীমান্ধ্র) কাপুস আদিবাসীরা মনে করেন রাম সর্বজ্ঞানের আধার। কারণ অযোধ্যায় প্রত্যাবর্তন করেই তিনি সাধারণ মানুষের হিতের জন্য ধনীদের অন্যায় পথে আয় করা সম্পত্তি বিলিয়ে দেন।
কর্ণাল জেলার বালু অঞ্চলের আদিবাসীদের মধ্যে বাল্মীকি এখনো জীবন্ত। রামকে তারা বলে থাকেন লাল বেল বা নিম্নবর্ণের ঝাড়ুদারদের দেবতা।
উত্তরপ্রদেশের বেহেলিয়া সম্প্রদায়ের আদিবাসীরা দাবী করে তারা বাল্মীকির বংশধর। তাদের উপাস্য দেবতা রাম।
মহাবীরচরিত ও ভবভূতির উত্তর রামচরিততেও রামকে এমনভাবেই চিত্রিত করা হয়েছে যেন তিনি তাদেরই দেবতা যাদের রয়েছে মাটির সাথে সম্পর্ক। অর্থাৎ রাম মাটির কাছাকাছি যারা বাস করে তাদেরই প্রিয় দেবতা।
দক্ষিণ মির্জাপুরের ভূঁইহার আদিবাসীরা খুবই রামভক্ত। চমকপ্রদ ব্যাপার হলো , তারা ব্রাহ্মণদের নীচু নজরে দেখে। তাদের মতে ব্রাহ্মণরা ছিল রামের ঢাকী বা বাদক। রাম যখন রাবণ বধের অভিযানে যাত্রা করেছিলেন তখন ব্রাহ্মণরা ঢাক পেটাতে পেটাতে রামের সেনাবাহিনীর জয়গান ঘোষণা করেছিল। সেই ঢাক মাটির তৈরি হওয়ায় সমুদ্রে নামতেই তা গলে যায়, শুধু থাকে গলায় বাঁধা সূত্র যার সাহায্যে ঢাকগুলি তারা ঝুলিয়ে রেখেছিল। সেই সূত্রই এখনকার পৈতে। ( রেফারেন্স - William Crooke, The Tribes and Castes of the North Western India, 1974, page 94)
এবার আমাদের বাংলার প্রসঙ্গে আসি। সুন্দরবনে ওঁরাও আদিবাসীদের ঝুমুর গানে রামায়ণের অনেক বিষয় বস্তু টিকে আছে। যেমন
"কেশালিয়া ধুনি ধুনি কাঁদে
কৌশল্যা রানী-
বলি হাইরে হাইরে হয়,
ভারত নৃপতি কে ভাই।
হারালো অযোধ্যাপুরী
রাম ও চালাও বনবাসে
বলি হায়রে হায়রে হায়।"
(সূত্র - A K Das & M K Raha , The Oraons of Sunderban, 1963, page 14)
পশ্চিমবঙ্গে বলাহাড়ি সম্প্রদায় তাদের আরাধ্য পুরুষ বলরাম হাড়িকে রামচন্দ্রের অবতার "হাড়িরাম"রূপেই পুজো করে। তাদের গানেই রয়েছে তার প্রত্যক্ষ প্রমাণ-
"দিব্যযুগে যিনি হাড়ি
সত্যযুগে বলিহারি
ত্রেতাযুগে দর্পহারী
দ্বাপর যুগে ভৃগুরাম
কলিযুগে সেই হাড়িরাম
প্রকাশ করলেন তার নিজনাম।"
আবার ,
" হাড়িরাম হাড়িরাম
স্বয়ং রামচন্দ্র পূর্নব্রহ্ম সনাতন
সীতাপতি হনুমানকে যেমন করে করিলেন উৎপত্তি
তেমনই নিজগুণে কৃপাদানে
এ অধমের প্রতি করো গতি
তুমি আমার মাতা পিতা তুমি আমার পতি
শ্রী চরণে করি এই মিনতি
জয় হাড়িরামের জয়।।৩।।"
( উৎস - বলাহাড়ি সম্প্রদায়ের গান- সুধীর চক্রবর্তী)
শূদ্রক কে হত্যা করার অংশটি বহু পরে রামায়ণে সংযোজিত হয়েছিল, বিশেষ উদ্দেশ্যে।। যে প্রসঙ্গে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর " স্বদেশী সমাজ" প্রবন্ধে লিখেছিলেন-
"শূদ্র তপস্বীকে তিনি বধদন্ড দিয়াছিলেন এই অপরাধ রামচন্দ্রের উপর আরোপ করিয়া পরবর্তী সমাজরক্ষকের দল রামচরিতের দৃষ্টান্তকে সপক্ষে আনিবার চেষ্টা করিয়াছে। যে সীতাকে রামচন্দ্র সুখে দুঃখে রক্ষা করিয়াছেন ও প্রাণপণে শত্রুহস্ত হইতে উদ্ধার করিয়াছেন, সমাজের প্রতি কর্তব্যের অনুরোধে তাহাকেও তিনি বিনা অপরাধে পরিত্যাগ করিতে বাধ্য হইয়াছিলেন। উত্তরকাণ্ডের এই কাহিনীসৃষ্টির দ্বারা স্পষ্টই বুঝিতে পারা যায় আর্যজাতির বীরশ্রেষ্ঠ আদর্শ চরিত্ররূপে পূজ্য রামচন্দ্রের জীবনীকে একদা সামাজিক আচার রক্ষার অনুকূল করিয়া বর্নণা করিবার বিশেষ চেষ্টা জন্মিয়াছিল।"
এরপরেও কি এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় যে রাম উচ্চশ্রেণীর হিন্দুদের প্রতিভূ? মাটির মানুষের সঙ্গে যার এতো বেশি সংযোগ তার স্থান অন্ত্যজ সমাজে নেই? এই বামাতি ভাষ্য কতখানি উদ্দেশ্যপ্রণোদিত এবং মিথ্যা , স্বয়ং বিচার করুন।
সূত্র :-
১/জাতীয় জীবনে রামায়ণের প্রভাব - মনোরঞ্জন গুহঠাকুরতা
২/The Tribes and Castes of the North Western India-William Crooke
৩/ The Oraons of Sunderban-A K Das & M K Raha
৪/বলাহাড়ি সম্প্রদায়ের গান - সুধীর চক্রবর্তী
৫/গভীর নির্জন পথে-সুধীর চক্রবর্তী
৬/দম্ভী হিন্দু রবীন্দ্রনাথ- পরমেশ চৌধুরী
Comments
Post a Comment