মুঘলদের হাতে হিন্দুধর্মের বিলুপ্তি ঠেকিয়েছিলেন শিবাজি
মুঘল শাসনের অবসানে মহাবীর শিবাজীর ভূমিকা...।।
মহাপরাক্রমশালী ভারতীয় সামন্তবাদের নিকৃষ্ট রূপ মুঘল রাজশক্তির সর্বব্যাপী ভাঙনে বিকশিত পণ্য তথা পুঁজিবাদী অর্থনীতির প্রতিনিধিবর্গই মূলত নেতৃত্ব প্রদান করে। শিল্প-বাণিজ্য নির্ভর অর্থনীতির অধিকতর বিকাশ নিশ্চিত করতে দেশীয় ও ইউরোপীয় বণিকদের শ্রেণীগত অভিন্ন স্বার্থই তাদেরকে পরিচালিত করেছিল ঐক্যমূলক মৈত্রীর ভিত্তিতে রাষ্ট্রীয় ক্ষমতা দখলে। বহিরাগত ও দেশীয় সামন্ত শ্রেণীর দখলে থাকা রাষ্ট্রকাঠামোয় আধুনিক পুঁজিবাদী অর্থনীতি ডালপালা মেলে মহীরূহের রূপ নিতে ক্রমেই অক্ষম হয়ে পড়ছিল। কেননা, পুঁজিবাদ তার অন্তর্গত বিকাশের তাগিদেই পণ্য ও শ্রমের তথা পুঁজির বিকাশে উৎপাদন ও বাজারে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার পরিবেশ দাবী করে। যা সামন্ততান্ত্রিক তথা পিতৃতান্ত্রিক নিগড়ে সম্ভবপর নয়। পুঁজিবাদের জন্য চাই অবাধ ও মুক্ত শ্রমিক। জমির সাথে অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ ভূমিদাস দিয়ে সে কাজটি হবে না। ফলে সামন্ততন্ত্রের গর্ভে বিকশিত নূতনতর বুর্জোয়া শ্রেণীর নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতা দখলের প্রথম পর্বে এ মহান কর্মটি সাধিত হয় বাংলায় ১৭৫৭-এর ২৩ জুন তারিখে ইংরেজ ও বাংলার বণিকদের প্রতিনিধি ক্লাইভ ও জগৎশেঠের নেতৃত্বে। আর সর্বভারতীয় প্রেক্ষাপটে মুঘল সাম্রাজ্যিক অবয়বে এই ভাঙনের সূচনা হয়েছিল মারাঠা বীর শিবাজীর হাতে।
পলাশীর যুদ্ধের একশত বছর পূর্বে অর্থাৎ ১৬৫৭তে মহাবীর শিবাজীর নেতৃত্বে প্রথম মুঘলদের বিরুদ্ধে কার্যকর বিদ্রোহ শুরু হয়। বিদ্রোহী শিবাজী অসংখ্যবার মুঘল রাজ্য আক্রমণ করে আওরঙ্গজেবকে বিপর্যস্ত করে তুলেছিলেন। উত্তর কোঁকন, দক্ষিণ মহারাষ্ট্র, পনহালা, পুণ্য ও চাকন, দক্ষিণ কোঁকন, পশ্চিম উপকূল সংলগ্ন তাপ্তী নদীতীর স্থিত সুরত বন্দর, রুদ্রমাল ও বুরুজ, বিজাপুর, মহারাষ্ট্রের উত্তরাংশ, বগলানা, ও প্রত্যন্ত কোলীদেশ প্রভৃতি জয় করে নিজে মারাঠা রাজ্যের ছত্রপতি তথা স্বাধীন নরপতি হিসেবে অভিষিক্ত হন। অমিতবিক্রম ছত্রপতি শিবাজীর স্বাধীনতা ঘোষণার মর্ম ছিল সুদূরপ্রসারী। এ প্রসঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর “শিবাজী উৎসব” কবিতায় স্বীয় অভিমত ব্যক্ত করে লিখেছেন,
“কোন্ দূর শতাব্দের কোন এক অখ্যাত দিবসে
নাহি জানি আজি
মারাঠার কোন শৈলে অরণ্যের অন্ধকারে ব’সে,
হে রাজা শিবাজী,
তব ভাল উদ্ভাসিয়া এ ভাবনা তড়িৎপ্রভাবৎ
এসেছিল নামি-
‘একধর্মরাজ্যপাশে খণ্ড ছিন্ন বিক্ষিপ্ত ভারত
বেঁধে দিব আমি।’
সেদিন বঙ্গদেশ উচ্চকিত জাগে নি স্বপনে,
পায় নি সংবাদ-
বাহিরে আসে নি ছুটে, উঠে নাই তাহার প্রাঙ্গণে
শুভ শঙ্খনাদ-।”
সত্যিই শিবাজীর বিদ্রোহী চেতনার মর্মমূলে প্রোথিত ছিল ছিন্ন খণ্ড ভারতবর্ষকে একীভূত করার এক মহাপরিকল্পনা। কেননা শিবাজী ছিলেন ভারতবর্ষের বীরবাহু ভূমিজ সন্তান।
সৌজন্যেঃ প্রবীণ বাংলাদেশী কমিউনিস্ট তাত্ত্বিক জনাব আবুল খায়ের মহাশয় ...
Comments
Post a Comment